সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নেই। জাতীয় সংসদ সদস্যরাই এ নির্বাচনের একমাত্র ভোটার। অন্যান্য নির্বাচনের তুলনায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের পদ্ধতিও ভিন্ন।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারের দুটি অংশ রয়েছে। একটি অংশে ব্যালটের ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর এবং স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থান থাকবে। অপর অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট পেপারে প্রার্থীদের নামের পাশে নির্ধারিত জায়গায় সংসদ সদস্যদের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর সংসদ কক্ষে রাখা তিনটি স্বচ্ছ ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দিতে পারবেন তারা।
ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনে অবস্থান করবেন। সহায়ক কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। ভোট দেওয়ার পর নির্ধারিত স্থানে থাকা তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে তারা ব্যালট পেপার জমা দেবেন।
নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ পরিচালনা করবেন। তাকে সহায়তা করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা করা হবে।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯টি ব্যালট প্রস্তুত রাখা হয়েছে। কতটি ভোট পড়েছে, এর মধ্যে কতটি বৈধ এবং প্রার্থীরা কতটি করে ভোট পেয়েছেন—গণনা শেষে তা সংসদ কক্ষে ঘোষণা করবেন নির্বাচনকর্তা সিইসি। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় গত ৬ আগস্ট নির্বাচন কমিশন ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে।
নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পর কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































