বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় নিজ শিশু কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।
রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে আব্দুল খালেক তার শিশুকন্যাকে ধর্ষণ করেন। দিন শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধর কাজে গিয়েছিলেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন খালেক। এরপর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দিলে বাড়ির কাজ ঠিকমতো না করার অভিযোগে তার সৎ মা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি তার সৎ মাকে ধর্ষণের বিষয়টি জানায়। তবে স্বামীর বিরুদ্ধে শিশুটির অভিযোগ বিশ্বাস না করে সৎ মা তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।
পরে নির্যাতন থেকে বাঁচতে শিশুটি তার দুই সহপাঠীকে বিষয়টি জানায়। তাদের কাছ থেকে ঘটনা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা ও আসামির দ্বিতীয় স্ত্রী শেরপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পিপি অ্যাডভোকেট আলী আসগর বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার পর থেকে শিশুটি বর্তমানে তার সৎ মায়ের হেফাজতে রয়েছে।
(ঢাকা টাইমস/২০আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































