নতুন দায়িত্বে যাচ্ছেন দুই মন্ত্রী

মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদল আসছে। এতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, শুক্রবার শপথ নেওয়া নতুন দুই মন্ত্রীর দপ্তর বণ্টনের পাশাপাশি পুরোনো দুই মন্ত্রীর দায়িত্বেও পরিবর্তন আনা হচ্ছে। শুক্রবার রাতের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
সূত্র অনুযায়ী, জহির উদ্দিন স্বপনের জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সদ্য পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। অন্যদিকে আফরোজা খানম রিতার স্থলাভিষিক্ত হতে পারেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রশিদুজ্জামান মিল্লাট।
উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন
বিএনপির নেতা জহির উদ্দিন স্বপন বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে আছেন। মন্ত্রিসভার রদবদলে তাঁকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করার কথা রয়েছে। মন্ত্রীর সমমর্যাদায় তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
স্বপনের জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ভোলা-১ আসনের এই সংসদ সদস্য বিএনপির জোটসঙ্গী দলের নেতা।
পর্যটন থেকে খাদ্য মন্ত্রণালয়ে রিতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার দপ্তরও পরিবর্তন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, তাঁকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
রিতার স্থলাভিষিক্ত হতে পারেন রশিদুজ্জামান মিল্লাট। জামালপুর-১ আসনের এই সংসদ সদস্য এত দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁকে একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।
আরও চারজনের দায়িত্ব বণ্টন হতে পারে
একই রদবদলে শুক্রবার শপথ নেওয়া আরও দুই পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তরও বণ্টন করা হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভা থেকে সরে যাওয়ায় মন্ত্রণালয়টির দায়িত্ব বর্তমানে শূন্য রয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আর টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। তাঁদের শপথের পরই মন্ত্রিসভায় প্রথম বড় রদবদলের অংশ হিসেবে দপ্তর বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































