নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয়টি গাড়ি চাওয়া হলে অধিদপ্তর থেকে সেগুলো পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত কয়টি গাড়ি ব্যবহার করা হবে, তা এখনো নিশ্চিত নয়।
সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল। চাহিদা অনুযায়ী ছয়টি গাড়িই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে কয়টি গাড়ি কাজে লাগানো হবে, তা মন্ত্রিপরিষদ বিভাগ বলতে পারবে।
এদিকে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজনের নাম জানা গেছে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
আজ শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। শুরুতে মন্ত্রিসভার সদস্য ছিলেন মোট ৫০ জন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































