বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ১৫:১০
অ- অ+

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদালত বলেছেন, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। খবর রয়টার্স’র।

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার এক রায়ে বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ঘোষিত ওই নীতি ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী।

আদালতের রায়ে বলা হয়, জাতীয়তার ভিত্তিতে কোনো দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট শ্রেণির অভিবাসী ভিসা সম্পূর্ণভাবে স্থগিত করার নীতি বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণে থাকা আইনগত কর্তৃত্বের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান, লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে, বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়াসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল।

তখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে ‘পাবলিক চার্জ’ হয়ে ওঠার ঝুঁকি বেশি। অর্থাৎ তারা স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সহায়তা ও সম্পদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

তবে আদালতের রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদারসহ অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন এবং নির্ধারিত দেশগুলোর নাগরিকদের স্বজনদের জন্য ভিসার আবেদন করা কয়েকজন মার্কিন নাগরিকের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়ে আসছে। প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার এবং সরকারি সম্পদের ওপর অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ-মুখপাত্র টমি পিগট এর আগে বলেছিলেন, বিভাগটি তার দীর্ঘদিনের আইনগত ক্ষমতা প্রয়োগ করে এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করবে, যারা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

ট্রাম্প প্রশাসনের ভিসা স্থগিতের ওই সিদ্ধান্ত গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। আদালতের সর্বশেষ রায়ের ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণে আরোপ করা ওই স্থগিতাদেশের আইনি ভিত্তি বাতিল হলো।

(ঢাকাটাইমস/২২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রবিবার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি
দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
কলকাতায় আবাসিক হোটেলে আগুন: বেনাপোল দিয়ে ৫ জনের মরদেহ হস্তান্তর বিকেলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা