মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম নেই, দক্ষতার অভাব নাকি অন্যকিছু?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১৫:৩৪| আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০
অ- অ+

নরসিংদীর বাসিন্দা শামীমুল ইসলাম ঢাকায় বেসরকারি চাকরি করেন। একই সঙ্গে বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত, অনুসরণ করেন তার এলাকার জাতীয় নেতা ড. আবুল আবদুল মঈন খানকে। গত শুক্রবার তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ শামীমুল ইসলামের কৌতূহল হলো- মন্ত্রিপরিষদের সদস্যদের তালিকায় তার নেতার অবস্থান জানবেন। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে নেতার নাম দেখতে পাননি তিনি।

শুধু ড. মঈন খান নন, নবনিযুক্ত কোনো মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নামই মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের তালিকায় ওঠেনি তখনো। তবে মঈন খানসহ কোনো কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীর নিজ নিজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের নাম ও ছবি দেখা গেছে। কোথাও পাওয়া যায়নি আন্দালিব রহমান পার্থ ও হুমায়ুন কবিরের ছবি।

আজ রোববার (২৩ আগস্ট) বেলা আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের cabinet.gov.bd ওয়েব ঠিকানায় গিয়ে দেখা যায়, মন্ত্রিদের নামের পাতাটি সর্বশেষ আপডেট হয়েছে ২২ আগস্ট বেলা ৩টা ৩৯ মিনিটে। প্রতিমন্ত্রীদের তালিকাটির আপডেটেড সময় ৩টা ৪০ মিনিট।

ইতিমধ্যে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন।

মন্ত্রীদের তালিকায় দেখা য়ায়, সেখানে নেই তথ্য মন্ত্রণালয়ের নাম, যার দায়িত্বে ছিলেন জহিরুদ্দিন স্বপন। তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করে গত শুক্রবার সেখানে তথ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। কিন্তু তার নাম কিংবা ছবি নেই ওয়েবসাইটে। এমনকি তার মন্ত্রণালয়ের ওয়বেসাইটেও বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত তার কোনো ছবি ওঠেনি, শুধু নাম প্রদর্শিত হতে দেখা যায়। নামের নিচে বিস্তারিতলিঙ্কে ক্লিক করেও একই চিত্র পাওয়া যায়।

মন্ত্রীদের তালিকায় আফরোজা খানমের নামের পাশে খাদ্য মন্ত্রণালয় লেখা রয়েছে, যিনি গতকাল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয়ে এসেছেন।

বেসামরিক বিমা্ন মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাত। কিন্তু তার নাম কিংবা ছবি নেই কো্থাও। তবে মন্ত্রিপরিষদ বিভাগে নাম না উঠলেও বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন মন্ত্রী মিল্লাতের ছবি ও নাম দেখা গেছে।

মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে মন্ত্রিদের তালিকায় ২২ এবং প্রতিমন্ত্রীর তালিকায় ২২ জনের নাম দেখা যাচ্ছে। নতুন চার মন্ত্রী নিয়ে সংখাটি হওয়ার কথা ২৬ এবং প্রতিমন্ত্রীর তালিকাটি হবে ২৪। প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রীদের তালিকায় উন্নীত হয়েছেন।

কিন্তু নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির (পররাষ্ট্র) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকনের (ধর্ম) নাম মন্ত্রিপরিষদ বিভাগের তালিকায় নেই।

তবে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লিংকনের নাম ও ছবি অন্তর্ভুক্ত হলেও বেলা তিনটা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কেবল ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদের নাম-ছবি প্রদর্শিত হতে দেখা যায়।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগের ‍নিজস্ব ওয়েবসাইটের এই পিছিয়ে থাকা কেন? এই নিয়ে প্রশ্ন তোলেন শামীমুল- এটা কি সংশ্লিষ্ট দপ্তরের অদক্ষতার কারণ?

জানতে চাইলে একজন কর্মকর্তা ঢাকাটাইমসের কাছে দাবি করেন, এমনটি হওয়র কথা নয়। তিনি এ ব্যাপারে অবগত নন। এখনই খোঁজ নিচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার শাখার (অতিরিক্ত দায়িত্ব) উপসচিব মীর আলিফ রেজা ঢাকাটাইমসকে বলেন, নতুন দায়িত্ব নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা ইতিমধ্যে হালনাগাদ হয়ে যাওয়ার কথা। তবে এখনো যদি তা না হয়ে থাকে, তাহলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তালিকাটি হালনাগাদের ব্যবস্থা করবেন।

এর কিছুক্ষণ পর বেলা তিনটা ২২ মিনিটে খুদে বার্তায় মীর আলিফ রেজা জানান, দাপ্তরিক কার্যক্রম চলমান আছে।

গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। ওই দিন সন্ধ্যায় বঙ্গবভনে তাদের শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চারজন মন্ত্রী হলেন আবদুল মঈন খান (স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়), রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান চলাচল ও পর্যটন), সাচিং প্রু জেরী (পার্বত্য চট্টগ্রাম) ও আন্দালিভ রহমান পার্থ (তথ্য ও সম্প্রচার)। এর মধ্যে রশিদুজ্জামান মিল্লাত তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

আর নতুন দুই প্রতিমন্ত্রী হলেন পররাষ্ট্রে হুমায়ুন কবির (টেকনোক্র্যাট) ও ধর্মে মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

তাদের শপথ পড়ানোর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এমপিদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। এরপর তিনি বিএনপির সব ধরনের পদ এবং সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ক্যানসার চিকিৎসায় সিদ্ধান্তের আগে বিনামূল্যে বিশেষজ্ঞ মতামতের সুযোগ
মিরপুরে চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুইজন গ্রেপ্তার
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক আবদুল্লাহ্-আল-ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা