ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমছে না গরমের দাপট

তীব্র ভ্যাপসা গরমে ও উচ্চ আর্দ্রতায় জনজীবন অতিষ্ঠ। ঢাকায় আজ রবিবার (২৩ আগস্ট) বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের প্রভাবে উপকূলীয় কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে সহসা দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর থেকে গরমের এই দাপট পুরোপুরি কমছে না। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা খুব একটা কমার পূর্বাভাস না থাকায় নগরবাসীকে গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যেই দিন কাটাতে হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।
(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































