প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১১:৪১
অ- অ+

দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করতে প্রবেশ করেছেন। আজ রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওইদিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

রবিবার বঙ্গভবনে প্রবেশ ও গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো। এখন থেকে বঙ্গভবন থেকেই রাষ্ট্রপতির সাংবিধানিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কার্যক্রম পরিচালিত হবে।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৮ আগস্ট আবারও দেখা যাবে চন্দ্রগ্রহণ
৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, আহত ২৩
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন
ম্যাকাই টেস্টে চরম বিপর্যয়, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা