এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১০:০৫
অ- অ+

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির ফলে তিনি এখন এডমিরাল পদমর্যাদা লাভ করলেন।

রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রিয়ার অ্যাডমিরাল পদে দায়িত্ব পালন করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৬ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২২ জুলাই।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। পরে মালয়েশিয়ার রয়্যাল মালয়েশিয়ান নেভিতে মৌলিক নৌ প্রশিক্ষণ সম্পন্ন করে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।

প্রায় চার দশকের কর্মজীবনে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিনের কমান্ডার এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি) ও ‘নৌ পারদর্শিতা পদক’ (এনপিপি) পেয়েছেন খোন্দকার মিসবাহ উল আজীম। এ ছাড়া তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার এবং জাতীয় স্কাউট পুরস্কার ‘সিলভার ইলিশ পদক’ অর্জন করেছেন। নৌবাহিনী প্রধানের প্রশংসাপত্রও তিনবার পেয়েছেন তিনি।

পেশাগত দায়িত্বের পাশাপাশি লেখক ও গবেষক হিসেবেও সক্রিয় খোন্দকার মিসবাহ উল আজীম। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা, সামরিক বিষয়াবলি ও নৌকৌশল নিয়ে তার বিভিন্ন নিবন্ধ দেশি-বিদেশি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি মালয় ও ফরাসি ভাষাতেও তার দক্ষতা রয়েছে।

দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে অবদান রেখেছেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে ভয়াবহ কার্গো জাহাজডুবি, বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ
স্মরণকালের শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা, বিশ্বজুড়ে বাড়তে পারে খরা-বন্যা ও দাবানলের ঝুঁকি
গার্ড অব অনারের মাধ্যমে আজ বঙ্গভবনে উঠছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের, প্রকাশ করলেন মানচিত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা