গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপে ভয়াবহ ধসে নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া আবর্জনার স্তূপ আশপাশের বাড়িঘরের ওপর গিয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ধসের পর আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়। পরে ঘটনাস্থলে খননযন্ত্র দিয়ে ধ্বংসস্তূপে তল্লাশি চালাতে দেখা যায়। এ সময় স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।
স্থানীয় এক নারী গণমাধ্যমকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে।
উদ্ধার অভিযান ও পরিস্থিতি তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ। এর আগে স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছিলেন, বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
২০১৭ সালেও একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।
(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































