অবশেষে মঈন খান ও হুমায়ুনকে এক নম্বরে রেখে হালনাগাদ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১১:৩৯| আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:০৬
অ- অ+

অবশেষে হালনাগাদ হলো মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নামের তালিকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ড. আবদুল মঈন খানকে ১ নম্বরে রেখে মন্ত্রীদের তালিকা হালনাগাদ করা হয়েছে। আর নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে এক নম্বরে রেখে হালনাগাদ করা হয়েছে প্রতিমন্ত্রীদের তালিকা।

নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার তিন দিন পর আজ সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে মন্ত্রীদের এবং বেলা ১১টা ১৪ মিনিটে প্রতিমন্ত্রীদের তালিকাটি হালনাগাদ করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা হালনাগাদে কেন এই দীর্ঘসূত্রতা? পুরনো তালিকাটিই কেন প্রদর্শিত হচ্ছে? গতকাল ঢাকাটাইমসের এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে প্রশ্ন উঠেছিল- এটা কি অদক্ষতা নাকি অন্য কিছু!

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার শাখার (অতিরিক্ত দায়িত্ব) উপসচিব মীর আলিফ রেজা ঢাকাটাইমসকে বলেছিলেন, নতুন দায়িত্ব নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা ইতিমধ্যে হালনাগাদ হয়ে যাওয়ার কথা। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তালিকাটি হালনাগাদের ব্যবস্থা করবেন।

মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে ও বিএনপিদলীয় কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপে জানা গেছে হালনাগাদ বিলম্বিত হওয়ার সম্ভাব্য কারণ।

এই দীর্ঘসূত্রতার কারণ সম্পর্কে বিএনপির নেতা ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য বলছে- মূলত ব্যক্তির জ্যেষ্ঠতা আর মন্ত্রণালয়ের পরিধির ভিত্তিতে তালিকায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অবস্থান নির্ধারণ করতে গিয়ে গত দুই দিন তালিকা হালনাগাদ করা যাযনি।

নতুন রাষ্ট্রপতি হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। তালিকায় তিনি ছিলেন সবার ওপরে। তার জায়গায় নিয়োগ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আবদুল মঈন খান। কিন্তু মির্জা ফখরুল চলে যাওয়ার পর সেখানে উঠে আসেন অর্থ-পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির আরেক অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

কাকে এক নম্বরে রাখা হবে, এ নিয়ে টানাপোড়েন শেষে সিদ্ধান্ত মঈন খানের পক্ষে আসে। হালনাগাদ তালিকায় আমির খসরু মাহমুদ চৌধুরীর অবস্থান এখন ২ নম্বরে।

তার পরের চারটি স্থানে আছেন যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)। প্রথম তিনজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

সাধারণত দেখা গেছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়ে থাকে দলের শীর্ষস্থানীয় কোনো নেতাকে। ড. আবদুল মঈন খান তেমনই একজন, যদিও তিনি বর্তমান সরকারের মন্ত্রিসভার শুরুতে জায়গা পাননি।

কর্মকর্তারা বলছেন, হালনাগাদ করা কয়েক মিনিটের কাজ। মূলত ক্রম নির্ধারণের টানাপোড়েনের কারণে ওয়েবসাইটে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা হালনাগাদ করতে দেরি হয়।

তালিকায় অন্য তিন নতুন মন্ত্রীর মধ্যে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ১৪ নম্বরে, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ১৮ নম্বরে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু ২৬ নম্বরে আছেন। নতুন চারজনকে নিয়ে বর্তমান মন্ত্রিসভায় মোট মন্ত্রী ২৬ জন।

এদিকে প্রতিমন্ত্রীদের তালিকায় এক নম্বরে অবস্থান করছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের জায়গা হয়েছে তিন নম্বরে। তিনি আগে দুই নম্বরে ছিলেন। এক নম্বরে ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম।

নতুন আরেক প্রতিমন্ত্রী ধর্ম মন্ত্রণালয়ের মোহাম্মদ শামীম কায়সারের জায়গা হলো তালিকার শেষ ২৪ নম্বরে।

ক্রম নির্ধারণের টানাপোড়েনের কারণে গতকাল বিকাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওযেবসাইটে নাম ছিল না নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। এই মন্ত্রণালয়ে মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আগে থেকে ছিলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অন্তর্ভুক্ত হলে তাদের দায়িত্ব ও অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

গতকাল তাদের দায়িত্ব বন্টন হয়। তাতে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ হিসেবে অবস্থান দেওয়া হয়। আর শামা ওবায়েদ প্রতিমন্ত্রী-২। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত তালিকায় পররাষ্ট্রমন্ত্রীর পর হুমায়ুন কবির ও তিন নম্বরে শামা ওবায়েদের নাম।

গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। ওই দিন সন্ধ্যায় বঙ্গবভনে তাদের শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চারজন মন্ত্রী হলেন আবদুল মঈন খান (স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়), রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান চলাচল ও পর্যটন), সাচিং প্রু জেরী (পার্বত্য চট্টগ্রাম) ও আন্দালিভ রহমান পার্থ (তথ্য ও সম্প্রচার)। এর মধ্যে রশিদুজ্জামান মিল্লাত তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

আর নতুন দুই প্রতিমন্ত্রী হলেন পররাষ্ট্রে হুমায়ুন কবির (টেকনোক্র্যাট) ও ধর্মে মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

তাদের শপথ পড়ানোর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এমপিদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। এরপর তিনি বিএনপির সব ধরনের পদ এবং সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন
এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ দামে স্বর্ণের রেকর্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা