সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১৫:১৬| আপডেট : ২৩ জুন ২০২৬, ১৫:২৫
অ- অ+

চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য দেওয়া আদালতের আগের আদেশ বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা’র আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান গণমাধ্যমকে বলেন, প্রায় তিন দশক পর দেহাবশেষ উত্তোলন করলেও তা থেকে কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা খুবই কম। এ ছাড়া এমন উদ্যোগে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালতে আদেশ বাতিলের আবেদন করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহকে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে এবং সেখানেই তার কবর রয়েছে। এ অবস্থায় দেহাবশেষ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। একই সঙ্গে নিহতের মা নীলা চৌধুরীর পক্ষ থেকেও এ বিষয়ে আপত্তি জানানো হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ আদালতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।

পরবর্তী আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সেই আদেশ বাতিল করা হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের থাবায় তরুণ প্রজন্ম, বাড়ছে শঙ্কা
আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত
এক সোনার জুতার লড়াইয়ে মেসি, এমবাপ্পে ও হালান্ড
ব্রাজিল দুই ম্যাচ খেলে ৪ গোল আর মেসির একাই ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা