২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রাক্কলন অনুযায়ী, হিজরি ১৪৪৮ সনের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ (মঙ্গলবার)।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব এবং সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এবার রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে ক্ষেত্রে ৮ মার্চ (সোমবার) রমজান মাস শেষ হবে এবং পরদিন ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হিজরি ১৪৪৮ সনের শুরু নিয়েও বিভিন্ন মুসলিম দেশের মধ্যে একদিনের পার্থক্য দেখা গেছে। কিছু দেশে ১৬ জুন ২০২৬ থেকে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য দেশগুলোতে ১৭ জুন থেকে মহরম মাস গণনা শুরু হয়। এ কারণে স্থানভেদে চাঁদ দেখার তারিখে ভিন্নতা দেখা দিতে পারে।
তবে ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, রমজান মাসের শুরু এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ স্থানীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতেই নির্ধারিত হবে। জ্যোতির্বিজ্ঞানীদের প্রকাশিত তারিখগুলো সম্ভাব্য হিসাবমাত্র, যা সাধারণ প্রস্তুতি গ্রহণের সুবিধার্থে প্রকাশ করা হয়।
(ঢাকাটাইমস/৩০ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













