যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ৭০০ বাড়ি, ৬৫ হাজার মানুষ ঘরছাড়া

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৭০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পরিস্থিতির অবনতির পর অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।
কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও আশপাশের এলাকা। দাবানলের কারণে প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়াদের মধ্যে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন।
শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। স্পোকেন এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা আগুনে পুড়ে গেছে।
স্থানীয় ভিডিওচিত্রে দেখা গেছে, একাধিক ভবনে আগুন জ্বলছে, আবাসিক এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং অনেক বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়ে শুধু চিমনি দাঁড়িয়ে রয়েছে।
এদিকে শুধু ওয়াশিংটন নয়, পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ। বুলডোজার ও হেলিকপটারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এসব এলাকায় প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি পুড়ে গেছে। সেখানে ৭০০টির বেশি বাড়ি এবং আরও প্রায় ৮০০টি স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে।
সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, "আমরা এখনো বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন খুবই কঠিন হবে।"
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহজুড়ে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকবে। বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) অতিক্রম করতে পারে, যা দাবানলের ঝুঁকি আরও বাড়াবে।
কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বজ্রপাত থেকেই দাবানলের সূত্রপাত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি উটাহ, মন্টানা ও পশ্চিম নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকি এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডার দক্ষিণাঞ্চল ও উত্তর মন্টানায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
বর্তমানে স্পোকেন এলাকায় ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো অঞ্চলে বায়ুর মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটনের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি’ উল্লেখ করে বিশেষ দাবানল সতর্কতাও দিয়েছে।
(ঢাকাটাইমস/০৪ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































