বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে আসায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে। খবর আল জাাজিরা’র।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে টানা দরপতনের ফলে ব্রেন্টের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৬১ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে। আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েন তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। সম্ভাব্য সরবরাহ ঝুঁকির আশঙ্কায় বিনিয়োগকারীরা আবারও তেল কেনার দিকে ঝুঁকছেন।
এদিকে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে তেহরান তাৎক্ষণিকভাবে ওই দাবি নাকচ করে দিয়েছে।
ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ওয়াশিংটন।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার স্পষ্টভাবে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না।
তেহরানের এ বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, “আমরা এখনই কথা বলছি।”
তিনি আরও বলেন, “তাদের জন্য একটি ভালো চুক্তিতে সই করার এটাই শেষ সুযোগ। শিরশ্ছেদের আগে আমি তাদের সম্ভাব্য সবশেষ সুযোগ দিতে চাই।”
(ঢাকাটাইমস/০৪ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































