মোটরযান বিক্রির পর মালিকানা বদল বাধ্যতামূলক, বিআরটিএর জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ১৩:৪০| আপডেট : ২৪ জুন ২০২৬, ১৩:৪৩
অ- অ+

মোটরযান বিক্রির পর মালিকানা হস্তান্তর সম্পন্ন না করলে আগের মালিককে কর, সারচার্জসহ বিভিন্ন আর্থিক দায় বহন করতে হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আজ বুধবার (২৪ জুন) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএ জানিয়েছে, অনেক ক্ষেত্রে যানবাহন বিক্রির পর নতুন ক্রেতারা মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না করেই গাড়ি ব্যবহার করছেন। ফলে সংশ্লিষ্ট যানবাহনের বিভিন্ন কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।

সংস্থাটি জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ নিয়ম অনুসরণ না করায় অনেক ক্ষেত্রে যানবাহনের অগ্রিম আয়কর, বিশেষ পরিস্থিতিতে ১৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায় বিক্রেতার ওপর বর্তাচ্ছে।

এ সমস্যা সমাধানে মালিকানা পরিবর্তন প্রক্রিয়া সহজ করেছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে (https://bsp.brta.gov.bd/) আবেদন দাখিল করতে হবে। আবেদনের পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করা হয় এবং একই দিনে মালিকানা পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। একই দিনে ক্রেতাও (নতুন মালিক) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য তার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ প্রদান করতে পারছেন।

বিআরটিএ আরও সতর্ক করে বলেছে, যানবাহন বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। আইন অনুযায়ী মালিকানা পরিবর্তন না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি
‘আমার বন্ধু মহাজাদু জানে’: সম্পর্কের নতুন মাত্রা
স্কটল্যান্ডকে হারালেই কি বিপদ? ব্রাজিলকে ভাবাচ্ছে বিশ্বকাপের অদ্ভুত রেকর্ড
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা