ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডের আবেদন

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে আসামিকে ৭ দিনের পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
এই মামলাটি ডিবি তদন্ত করছে কিনা এবং ডিবি গ্রেপ্তার করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডিবি তাকে গ্রেপ্তার করেনি। সিআরও থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই মামলাটির ডিবি তদন্ত করছে না এখন পর্যন্ত আমি এরকম কোন চিঠি পাইনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।
তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছিলেন রাকিবুল হাসান। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













