ব্রাহ্মণবাড়িয়ায় ভাই-বোন হত্যার ঘটনায় মামা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের আপন ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় তাদের মামা বাদল মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে সোমবার রাতে উপজেলার সলিমাবাদ গ্রামের প্রবাসী কামাল মিয়ার ছেলে কামরুল হাসান ও মেয়ে শিফা আক্তারকে ঘরের ভেতর জবাই করে হত্যা করা হয়। এদিন ওই বাড়িতে অবস্থানরত তাদের মামা বাদল মিয়া হত্যাকাণ্ডের পর পালিয়ে যায়।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, গোপন সংবাদে নিহত কামরুল ও শিফার মামা বাদলকে আটক করা হয়। তাকে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, বাঞ্ছারামপুরের কামরুল হাসান সোমবার বিকেল থেকে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করতে থাকেন। সন্ধ্যার পর কামরুলের বোন শিফাও নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে মা হাসিনা বেগম নিজের বাড়ির পৃথক দু‘টি কক্ষের খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাদের লাশ পরে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/পিএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































