করোনার টিকা তৈরি থমকে যাবে বাঁদরের অভাবে

করোনা থেকে বাঁচতে প্রতিষেধকের খোঁজে নিরন্তর কাজ করে চলেছেন গবেষকরা। বিশ্বজুড়ে প্রতিষেধকের খোঁজে দ্রুত গতিতে গবেষণা চলছে। গবেষণাগারে একটি প্রতিষেধক তৈরির পর প্রথম যে ধাপের বাধা সামনে থাকে, তা হল প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল বা টেস্টিং। এই পর্যায়ে গবেষকরা প্রতিষেধকটি বাঁদরের মতো প্রাণীর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেন। সম্প্রতি সারা বিশ্বে বাঁদরের অভাব দেখা দিয়েছে। বিজ্ঞানীরা উদ্বিগ্ন বাঁদরের অভাবে থমকে যেতে পারে করোনা টিকা তৈরির গবেষণা প্রক্রিয়া! প্রতিষেধক তৈরির গবেষণার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাণী বাঁদরের ব্যাপক সংকট দেখা দিয়েছে।
যদিও ০.৫ শতাংশ মাত্র গবেষণায় বাঁদরের প্রয়োজন। যেমন ভ্যাকসিন। বাঁদর আর মানুষের ‘ইমিউন সিস্টেম’ মোটামুটি এক। তাই ভ্যাকসিনের বলির পাঁঠা বাঁদর। ভ্যাকসিন নিয়ে বাঁদর সুস্থ থাকলে, মানুষের শরীরে বাজি ধরা যেতেই পারে।
ভ্যাকসিনের শেষ-পর্যায়ের ট্রায়াল বাঁদর বিনা অসম্ভব। সারা পৃথিবীতেই আত্মত্যাগী বাঁদরের বিরাট আকাল দেখা দিয়েছে। বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিনের ট্রায়াল চলছে আমেরিকায়। ‘ক্যালিফোর্নিয়া প্রাইমেট রিসার্চ সেন্টার’ থেকে কিছু বাঁদর মিললেও ঘাটতি গগনচুম্বী।
‘আটলান্টিক ম্যাগাজিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন আমেরিকায় বাঁদরের ব্যাপক সংকট দেখা দিয়েছে প্রতিষেধক গবেষণার জন্য যা অত্যন্ত জরুরি।
‘ইউএস ন্যাশনাল প্রাইমেট রিসার্চ সেন্টার’-এর গবেষকদের মতে, রিসাস প্রজাতির বাঁদর বায়োমেডিক্যাল গবেষণার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর এই প্রজাতির বাঁদরেরই অভাব দেখা দিয়েছে আমেরিকায়।
আমেরিকার ৬০% বাঁদর চিন থেকে আমদানিকৃত। বছরে গড়ে ৩৫০০০ বাঁদরের নিরবচ্ছিন্ন জোগানদার ছিল চিন। কোভিড ডানা মেলার পরেই চিন বাঁদর রপ্তানি নিষিদ্ধ করেছে। ট্রাম্প ঠারেঠোরে করোনাভাইরাসকেকে শি জিনপিঙের আদরের সন্তান বলার পর তার বেলাগাম বাঁদরামির যোগ্য জবাব দিতে চিন একটিও বাঁদর আমেরিকাকে দেবে না বলেছে।
করোনা সংক্রামিত বাঁদরদের রাখতে বিশেষ ধরনের বায়োস্যাফটি লেভেল-৩ পরীক্ষাগারের প্রয়োজন যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের বায়োস্যাফটি লেভেল-৩ ল্যাবের সংখ্যা সীমিত। ফলে সব মিলিয়ে প্রতিষেধক গবেষণার কাজে সমস্যার সম্মুখীন মার্কিন বিজ্ঞানীরা।
(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/আরজেড/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































