তারেকের অনশনের ১২৩ ঘণ্টা পার, ইসি সচিব বললেন—‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে টানা ১২৩ ঘণ্টা ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ‘আম জনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান। তবে এ বিষয়ে ইসি কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই।’’ এসময় তিনি সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, ‘’আপনি আমাকে বলেন... ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো... ইউ গট মাই আনসার।”
অর্থাৎ, নিয়মের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট করেন তিনি।
এদিকে, টানা অনশনে তারেক রহমানের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মূল ফটকের সামনে সরেজমিনে দেখা যায়, তারেক রহমান স্যালাইন লাগানো অবস্থায় মাটিতে শুয়ে আছেন। দুর্বল হয়ে পড়েছেন, ঠিকভাবে কথা বলতেও কষ্ট হচ্ছে তার।
শারীরিক কষ্ট সত্ত্বেও নিজের অবস্থান থেকে না সরে দৃঢ় কণ্ঠে তারেক রহমান বলেন, “অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কিভাবে হয়েছে? এটা আমি মানতে পারছি না।”
তিনি আরও জানান, ইসি থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। বলেন, “সেদিন (বৃহস্পতিবার) একজন উপসচিব এসেছিলেন, এরপর আর কেউ আসেনি। কোনো চিঠি বা বার্তাও পাইনি,” বলেন তিনি।
তারেক রহমানের আশপাশে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ মানুষ ও তার দলের নেতাকর্মীরা। কেউ সংহতি জানাতে, কেউ বা কৌতূহলবশত তাকে দেখতে আসছেন।
গত মঙ্গলবার চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ তালিকা থেকে বাদ পড়ে যায় ‘আম জনতার দল’। ওইদিন বিকাল থেকেই নির্বাচন ভবনের সামনে অনশন শুরু করেন তারেক রহমান, যা এখনো অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/৯ নভেম্বর/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































