ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ‘অপরাধীর মতো’ হাঁটানো, হোয়াইট হাউসের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৩
অ- অ+

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার’ (পার্প ওয়াক) মতো একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ভিডিওটির ওপর ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ লেখা রয়েছে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—‘পার্প ওয়াক সম্পন্ন’। ফুটেজে দেখা যায়, কালো হুডি পরিহিত অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। করিডোরের নীল রঙের কার্পেটে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’—মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে এমন একটি চিহ্ন।

ভিডিওতে আরও দেখা যায়, সেখানে উপস্থিত এক ব্যক্তিকে মাদুরো ‘শুভ নববর্ষ’ জানাচ্ছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে ‘তেলের জন্য রক্তপাত’ বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেস সদস্য জ্যাক অচিনক্লজ। তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি।

শনিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাক অচিনক্লজ বলেন, “এটি তেলের জন্যই রক্তপাত। এর সঙ্গে মাদক পাচারের কোনো সম্পর্ক নেই। অধিকাংশ মাদক ইউরোপে যায়। আর যে মাদক আমেরিকানদের প্রাণ কেড়ে নিচ্ছে, তা কোকেন নয়—বরং ফেন্টানিল, যা চীন থেকে আসে।”

তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের মজুত রয়েছে—এ বিষয়টি বরাবরই আলোচনার কেন্দ্রে ছিল।

অন্যদিকে ওয়াশিংটন তাদের এই পদক্ষেপের পক্ষে যুক্তি দেখিয়ে বলছে, প্রেসিডেন্ট মাদুরো, তাঁর স্ত্রী এবং ভেনেজুয়েলার কয়েকজন শীর্ষ ব্যক্তি মাদক-সন্ত্রাসবাদ, মাদক পাচার ও অন্যান্য অপরাধে জড়িত। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভেনেজুয়েলার সরকার।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে জ্যাক অচিনক্লজ আরও বলেন, “শেভরনের মতো মার্কিন তেল কোম্পানিগুলোর কাছে ভেনেজুয়েলার তেলের মজুত ব্যবহারের চুক্তি ও অর্থ বিভাগের অনুমোদন রয়েছে। এই প্রেসিডেন্ট মূলত মার্কিন তেল কোম্পানিগুলোর প্রধানদের কাছে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।”

মাদুরোকে নিয়ে প্রকাশিত ভিডিও এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক পদক্ষেপ ঘিরে এখন আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিই নয়, বরং বৈশ্বিক ভূরাজনীতি ও জ্বালানি রাজনীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে।

(ঢাকাটাইমস/০৪ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা