জকসুর ভোট গণনা স্থগিত

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:০৭
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। ওএমআর (OMR) মেশিনে ভোট গণনার সময় কারিগরি সমস্যার সৃষ্টি হওয়ায় মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া গণনা কার্যক্রম কিছুক্ষণ পরই স্থগিত করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গণনা শুরুর পরপরই দুটি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় অসঙ্গতি ধরা পড়ে। এতে গণনার নির্ভুলতা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিশ্চিত করতে কমিশন পুনরায় যাচাই ও মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। ফলে সাময়িকভাবে গণনা কার্যক্রম বন্ধ রাখা হয়।

সূত্র আরও জানায়, ভোট গণনা শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও রাত পর্যন্ত পুনরায় গণনা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এতে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ফলাফল ঘোষণাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও নির্বাচন কমিশন বলছে, ফলাফলের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা ভোট গণনা কার্যক্রম শুরু করেছি। তবে ওএমআর মেশিনে কিছু কারিগরি সমস্যা দেখা দেওয়ায় তা সমন্বয়ের চেষ্টা চলছে। বর্তমানে দুটি মেশিনে গণনা করা ফলাফল মিলিয়ে দেখার কাজ চলছে। সমস্যাটি কোথায় হয়েছে, তা দ্রুত শনাক্ত করা হবে। সবকিছু যাচাই-বাছাই শেষে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব।’

নির্বাচন কমিশন আরও জানায়, যান্ত্রিক ত্রুটি নিরসন ও ফলাফল পুনরায় যাচাই শেষ হলে গণনা কার্যক্রম আবার শুরু করা হবে এবং যথাসময়ে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী