মধ্যরাতের পর পুনরায় ভোট গণনা, জকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের পুনরায় ভোট গণনা শেষে ফল ঘোষণা চলছে। বুধবার সকাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের ফল প্রকাশ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে ভোট গণনা বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, দুটি মেশিনে ভিন্ন ভিন্ন ফলাফল দেখানোর কারণে ভোট গণনা স্থগিত রাখা হয়। পরে বিষয়টি নিয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয়।
আলোচনার পর মধ্যরাত সাড়ে ১২টার দিকে পুনরায় ভোট গণনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। পরে ওই সব ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।
নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জন প্রার্থীসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৬৫ জন।
এ নির্বাচনে চারটি প্যানেল অংশ নেয়। প্যানেলগুলো হলো— ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া স্বতন্ত্রভাবেও একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেন। ভিপি (সহসভাপতি) পদে ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ক্রমশ ফল ঘোষণার মধ্য দিয়ে জকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে।
(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













