সিরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪
অ- অ+

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা পরিচালিত হয়।

সেন্টকম জানায়, ‘অপারেশন হকআই স্ট্রাইক’–এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়। সেন্টকমের দাবি, সন্ত্রাসবাদ দমন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।

সেন্টকম এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘আমাদের বার্তা স্পষ্ট—আমাদের সেনাদের ক্ষতি করলে আমরা তোমাদের খুঁজে বের করব। পৃথিবীর যেখানেই থাকো না কেন, ন্যায়বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না।’

বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ–কে দেওয়া এক মার্কিন কর্মকর্তার তথ্যমতে, অভিযানে ২০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। এতে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টিরও বেশি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয়।

অভিযানে অংশ নেওয়া বিমানগুলোর মধ্যে ছিল এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে গানশিপ, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানের এফ-১৬ যুদ্ধবিমান। তবে হামলার নির্দিষ্ট অবস্থান এবং এতে হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, ‘আমরা কখনো ভুলব না, কখনো থামব না।’

গত ডিসেম্বরেই ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর ঘোষণা দেয়। তার আগে সিরিয়ার মধ্যাঞ্চলের পালমিরা এলাকায় আইএসের বন্দুকধারীদের হামলায় দুই মার্কিন সেনা ও এক মার্কিন বেসামরিক দোভাষী নিহত হন।

ডিসেম্বরে অভিযানের ঘোষণা দিতে গিয়ে হেগসেথ বলেছিলেন, ‘এটি কোনো যুদ্ধের সূচনা নয়—এটি প্রতিশোধের ঘোষণা। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র তার জনগণকে রক্ষা করতে কখনো দ্বিধা করবে না।’

সেন্টকম জানায়, শনিবারের সর্বশেষ হামলার আগে গত ২০ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর আওতায় পরিচালিত ১১টি অভিযানে প্রায় ২৫ জন আইএস সদস্যকে হত্যা বা আটক করা হয়েছে।

এই অভিযানের প্রথম মিশন পরিচালিত হয় ১৯ ডিসেম্বর, যখন যুক্তরাষ্ট্র ও জর্ডানের বাহিনী যৌথভাবে সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসের বিরুদ্ধে একটি বড় ধরনের হামলা চালায়। সে সময় ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ১০০টির বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করে আইএসের অবকাঠামো ও অস্ত্রাগার ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা