ত্রয়োদশ জাতীয় নির্বাচন
আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, বাতিল ৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শেষে ৫৮টি বৈধ ঘোষণা করা হয়েছে। এদিন ৭টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ৬টি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
রবিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের আপিল শুনানি হয়েছে। আজ তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি হয়েছে।
এর আগে গতকাল শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আবেদনের শুনানি সম্পন্ন করা হয়। প্রথম দিনের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর করা হয়।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে।
তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা।
এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













