প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে পঞ্চম দিনের আপিল শুনানি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিনের কার্যক্রম চলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় ৩৬টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ২৮টি আপিল মঞ্জুর হয়েছে। ৫টি আপিল নামঞ্জুর হয়েছে, একটি আপিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে এবং ২টি আপিলের বাদি অনুপস্থিত রয়েছেন।
আপিল শুনানিতে দেখা গেছে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের মধ্যে ৮ জনকে যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আপিল নামঞ্জুর করে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে জানিয়েছে ইসি।
ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।
তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













