নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা সাজু বহিষ্কার

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এস এ সিদ্দিক সাজুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দলটি।
দল থেকে বহিষ্কার করা সাজুর বাবা এসএ খালেক পাঁচবার বিভক্ত মিরপুরের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং একসময় ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেন। তিনি মিরপুরের আদি সন্তান হিসেবে পরিচিত ছিলেন এবং মিরপুরের অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। সেই রাজনৈতিক উত্তরাধিকার বহন করে সাজুও এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মী নিয়ে তার ছিল ব্যাপক উপস্থিতি।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করা সাজু ব্যক্তিগতভাবে ভদ্র, বিনয়ী ও সামাজিক কর্মকাণ্ডেও ব্যাপক সক্রিয়। দীর্ঘদিন ধরে এই পরিবারের মিরপুরের রাজনীতিতে একটি শক্ত অবস্থান ও প্রভাব রয়েছে, যা হঠাৎ গড়ে ওঠা নয়—বরং জন্মস্থান, বেড়ে ওঠা এবং দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততার ফল।
এলাকাবাসীর বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়ানো ও আর্থিক সহায়তার ঘটনাও তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে সাজু এবার বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৪ আসনে নির্বাচনী মাঠে নেমেছেন, যা মিরপুরের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ বিএনপি যাকে প্রার্থী বানিয়েছে সেই সানজিদা তুলি ঢাকা-১৪ আসনের বাসিন্দা না।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













