মানুষের অধিকার নিশ্চিতে নতুন দেশ গড়তে চান তারেক রহমান: হাবিব

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে চান, এমন এক বাংলাদেশ গড়ার পরিকল্পনা রয়েছে তার।
শুক্রবার রাজধানীর মান্ডা গ্রিন মডেল টাউনে শান্তিকানন সোসাইটির বাৎসরিক মিলনমেলায় তিনি এসব কথা বলেন।
এমপিপ্রার্থী হাবিব বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান, তা ১৮ কোটি মানুষের বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক তার পূর্ণ অধিকার বাস্তবায়ন করতে পারবে। আমি এই দেশের একজন নাগরিক, আমারও সমান অধিকার আছে এই আত্মবিশ্বাসই হবে আগামীর বাংলাদেশের ভিত্তি।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সবাইকে এবার ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জবাবদিহিতার মধ্যে থাকবেন এবং এর মাধ্যমেই গণতন্ত্রের সার্থকতা নিশ্চিত হবে। পারিবারিক ও সামাজিক বন্ধন থেকেই মানুষের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক চেতনার জন্ম হয়। এই বন্ধন যত গভীর হয়, মানুষের আত্মত্যাগের মানসিকতাও তত দৃঢ় হয়।
বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার জন্য লাখো শহীদের রক্ত ঝরেছে, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য বহু সহযোদ্ধা আত্মত্যাগ করেছেন। সম্প্রতি ছাত্র-জনতাও রক্ত দিয়েছে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে।
হাবিবুর রশিদ হাবিব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তারা নিজেদের জীবন ও স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। এই আত্মত্যাগই আজকের আন্দোলনের প্রেরণা।
আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকবেন এবং সেখানেই গণতন্ত্রের সার্থকতা।
জেবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












