বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
পরীক্ষার রিপোর্ট পেলে বুকে ব্যথার প্রকৃত কারণ জানা যাবে।
এর আগেও একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন মাহমুদুর রহমান মান্না।
চব্বিশের সেপ্টম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায় প্রথমবার হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












