এখনই বুকিং না দিলে রমজানে বাড়তে পারে ওমরাহ হজ প্যাকেজের দাম

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ওমরাহ পালনের পরিকল্পনা করা মুসলমানদের জন্য খরচ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ট্যুর অপারেটররা সতর্ক করে জানিয়েছেন, এখনই বুকিং নিশ্চিত না করলে রমজানে ওমরাহ প্যাকেজের দাম দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পরিবহন ও হোটেল ভাড়ার ঊর্ধ্বগতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজ নির্দিষ্ট সময়ে পালন করতে হয়, তবে ওমরাহ পালন করা যায় বছরের যেকোনো সময়। যদিও ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত ওমরাহ করা মাকরূহ। প্রতিবছরের মতো এবারও রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি মক্কা ও মদিনায় ওমরাহ পালনে আগ্রহী হওয়ায় চাহিদা বেড়েছে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির আগমনের কারণে পরিবহন, হোটেল ও অন্যান্য সেবার খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
ওমরাহ অপারেটরদের তথ্যমতে, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় ১ হাজার ২০০ দিরহাম। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহাম হতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, এই ব্যয় ২ হাজার দিরহামেরও বেশি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অনেক যাত্রী শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং বিলম্বিত করেন। কিন্তু রমজানের ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হয়ে পড়ায় উল্টো বেশি দাম গুনতে হয়।
এদিকে, বর্তমানে বিমানযাত্রাসহ ওমরাহ প্যাকেজ শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই প্যাকেজের দাম ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশ দিনে খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা।
বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও হোটেলভাড়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। হারামের হাঁটা দূরত্বে থাকা হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।
অন্যদিকে, হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসা আবেদন বন্ধ হবে এবং ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। পাশাপাশি ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগের বাধ্যবাধকতা রয়েছে।
খরচ ও সময়—এই দুই বিষয় বিবেচনায় রেখে দ্রুত পরিকল্পনা ও আগাম বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ট্যুর অপারেটর ও ধর্মীয় বিশেষজ্ঞরা।
(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































