আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সোমবার (১৯ জানুয়ারি) কাবুলের শার-ই-নাও এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। শার-ই-নাও এলাকা বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং কাবুলের তুলনামূলক নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে বলে জানান তিনি।
এদিকে কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় মানবিক সংস্থা এনজিও ‘ইমার্জেন্সি’ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় তাদের হাসপাতালের কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখান থেকে অন্তত ২০ জন আহত ব্যক্তিকে কাবুলের ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়। তাদের মধ্যে সাতজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতায় আসার পর থেকে কাবুলসহ দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও হামলার ঘটনা তুলনামূলকভাবে কমে আসে।
তবে এখনো আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন সক্রিয় রয়েছে। তারা মাঝেমধ্যে হামলা চালাচ্ছে বলে জানাচ্ছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো। উল্লেখ্য, ২০২৫ সালেও আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































