বরিশাল ও ফরিদপুরে আজ তারেক রহমানের নির্বাচনি জনসভা

ত্রয়োদশ সংসদ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় বিমান যোগে তিনি বরিশালে যাবেন এবং সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনি জনসভায় অংশ নিবেন। দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। তারপর আবার বিমান যোগে ঢাকায় ফিরবেন। এ সফরের মাধ্যমে ঢাকার বাইরের প্রচার শেষ হবে বিএনপি চেয়ারম্যানের।
দীর্ঘ ২০ বছর পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। দুপুর ১২টায় এই ঐতিহাসিক মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
বরিশাল বিভাগের ছয়টি জেলা ও ৪২টি উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা ইতোমধ্যে নগরীতে অবস্থান নিয়েছেন। এতে নগরীর আবাসিক হোটেলগুলো প্রায় পূর্ণ হয়ে যায়। অনেক নেতা-কর্মী আত্মীয়স্বজন ও স্থানীয় নেতা-কর্মীদের বাসায় অবস্থান করছেন, আবার কেউ কেউ জনসভাস্থলেই রাত কাটান।
স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, জনসভা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ঘোষণা করা হবে। সম্ভাব্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহ, ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন মহাসড়ক বাস্তবায়ন এবং বরিশাল–ভোলা সেতু নির্মাণ।
জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরিশাল নগরজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনসভাস্থল ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন। বুধবার সকালে জনসভাস্থল ও মঞ্চ পরিদর্শন করেন তারেক রহমানের নিরাপত্তা প্রদানকারী সংস্থার কর্মকর্তারা। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের সরাসরি বরিশাল সফর দলীয় নেতা-কর্মীদের কাছে ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা হবেন। বেলা ১২টার দিকে তিনি জনসভাস্থলে উপস্থিত থাকবেন এবং কর্মসূচি শেষে ফরিদপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে পূর্ণতা দেবেন। তাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।”
তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন।
অন্যদিকে ফরিদপুর শহরজুড়েও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনসভাকে ঘিরে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, এই প্রথম ফরিদপুর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দুপুরে তাকে বহনকারী হেলিকপ্টার ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করবে। সেখান থেকে একটি সুসজ্জিত গাড়িবহর নিয়ে তিনি সরাসরি শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভাস্থলে যাবেন। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
বিভাগীয় এ জনসভাকে কেন্দ্র করে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ।মাঠজুড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর, থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম, ফেনী, রাজশাহী, নওগাঁ, বগুড়া, গাজীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা ও যশোরসহ দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এসব জনসভায় তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণের কাছে নিজের রাজনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
(ঢাকাটাইমস/৪ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































