মার্কিন বিচার বিভাগ ওয়েবসাইট থেকে সরালো হাজারো কুখ্যাত ‘এপস্টেইন ফাইল’

বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নথির নাম—‘এপস্টেইন ফাইল’। বিশ্ব রাজনীতির শীর্ষ নেতা, রাজপরিবারের সদস্য থেকে শুরু করে বিনোদন ও প্রযুক্তি জগতের প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে এই নথিতে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) তাদের ওয়েবসাইট থেকে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত হাজার হাজার নথি সরিয়ে নিয়েছে। নথি প্রকাশের কারণে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে, এমন অভিযোগ আসার পর এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। কুখ্যাত অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন এবং সহযোগী গিলেইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে দীর্ঘ তদন্তের পর আদালতের নির্দেশে প্রকাশিত হাজার হাজার পৃষ্ঠার নথি ভুক্তভোগীদের সুরক্ষা এবং গোপনীয়তার উদ্বেগের কারণে সরানো হয়েছে।
‘এপস্টেইন ফাইল’ মূলত এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে সংগৃহীত আইনি নথিপত্র, ইমেইল, ছবি, ফ্লাইট লগ এবং ভুক্তভোগীদের জবানবন্দির সংকলন। এতে বিশ্ব রাজনীতির শীর্ষ নেতা, রাজপরিবারের সদস্য, ধনকুবের এবং বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে। যদিও নথিতে নাম থাকলেই কেউ অপরাধী প্রমাণিত হন না, তথাপি এটি বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ভুক্তভোগীদের আইনজীবীরা জানিয়েছেন, শুক্রবার প্রকাশিত নথিতে তথ্যের গোপনীয়তা রক্ষায় ত্রুটি থাকায় প্রায় ১০০ জন ভুক্তভোগীর জীবন প্রভাবিত হয়েছে। নথিতে ইমেইল ঠিকানা ও নগ্ন ছবি থাকায় সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করা সম্ভব হয়েছে।
ডিওজে জানিয়েছে, অভিযোগ প্রাপ্ত সব নথি সরিয়ে নেওয়া হয়েছে এবং নতুনভাবে রিড্যাকশনের জন্য পর্যবেক্ষণ চলছে। সংস্থার মুখপাত্র জানান, ভুক্তভোগীদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরপরাধদের ক্ষতি যাতে না হয়, সে লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভুক্তভোগী অ্যানি ফার্মার বলেছেন, “নতুন তথ্য সামনে আসায় মনোযোগ দেওয়া কঠিন, কারণ প্রকাশিত নথির মাধ্যমে আমাদের ক্ষতি হয়েছে।” আরেক ভুক্তভোগী লিসা ফিলিপস অভিযোগ করেছেন, ডিওজে প্রকাশ ও সময়সীমা সম্পর্কিত শর্ত লঙ্ঘন করেছে।
গত বছর আইনের মাধ্যমে নথি প্রকাশ বাধ্যতামূলক হওয়ার পর থেকে ডিওজে এপস্টেইন সংক্রান্ত লক্ষ লক্ষ ফাইল প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি ও ২ হাজার ভিডিও।
ডিওজে জানিয়েছে, এবার নথি সরানোর মাধ্যমে ভুক্তভোগীদের পরিচয় রক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৪ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































