বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, দেশে ভরি কত?

নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় বিশ্ববাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন ঘটেছে সোনার দামে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে ফের সোনার দিকে ঝুঁকছেন।
আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ১৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৮২ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছেছিল এই মূল্যবান ধাতুর দাম।
এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১০৩ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
এএনজেড-এর বিশ্লেষক সনি কুমারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘দাম অনেক বেড়ে যাওয়ার পর কিছুটা কমবে, সেটা প্রত্যাশিতই ছিল। স্বর্ণের দাম আবার বাড়তে শুরু করায় বোঝা যাচ্ছে, মৌলিক বিষয়গুলো খুব একটা বদলায়নি।’
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৬ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবারে এটি রেকর্ড সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারে উঠেছিল।
এ ছাড়া প্লাটিনামের দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৩৪ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে। আর প্যালাডিয়ামের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৬ দশমিক ২১ ডলার।
অন্যদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































