টিউলিপ সিদ্দিকের সাজা, রায় স্বীকৃতি দেবে না লেবার পার্টি

দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া রায় স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
লেবার পার্টির দাবি, ওই মামলায় টিউলিপ সিদ্দিক ন্যায্য আইনি প্রক্রিয়া পাননি।
লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, ‘লেবার পার্টি ও আমাদের সব নির্বাচিত প্রতিনিধি আইনের শাসনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং সব সময় আইনি দায়িত্ব পালন করে। তবে জ্যেষ্ঠ ও সম্মানিত আইনজীবীরা স্পষ্ট করে বলেছেন, এই মামলায় টিউলিপ সিদ্দিক ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি।’
মুখপাত্র আরও বলেন, ‘বারবার অনুরোধ জানানো সত্ত্বেও বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য সরবরাহ করেনি। কোনো অভিযোগের মুখে পড়লে প্রত্যেকেরই আইনি প্রতিরক্ষা উপস্থাপনের অধিকার থাকা উচিত। যেহেতু তা এই ক্ষেত্রে হয়নি, তাই আমরা এই রায় স্বীকৃতি দিতে পারি না।’
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের সাবেক কনজারভেটিভ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভসহ একাধিক জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশে মামলাটির পরিচালনা নিয়ে সমালোচনা করেছেন।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগে বলা হয়, শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের সদস্যদের জন্য নিয়মবহির্ভূতভাবে ছয়টি প্লট বরাদ্দ নেন।
এর আগে গত বছর একই ধরনের আরেকটি মামলায় টিউলিপ সিদ্দিককে দুই বছরের সাজা দেওয়া হলে তিনি ওই আদালতকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ আখ্যা দেন এবং বলেন, ‘বাংলাদেশের নোংরা রাজনীতি আমাকে বিভ্রান্ত করতে পারবে না।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































