ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন আরিফুর রহমান দোলন‌

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৯| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩
অ- অ+

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষ্যে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন‌।

আজ রোববার (৮ ফেব্রয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার‌্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন দোলন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরিফুর রহমান দোলনের এই সমর্থন ফরিদপুরে ধানের শীষের পক্ষে নতুন মেরুকরণ ও সুনিশ্চিত বিজয় এনে দেবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান।

ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আরিফুর রহমান দোলন বলেন, ‘মুক্তিযুদ্ধের নীতির প্রশ্নে আমি আপস করিনি, করব না। বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। এই শক্তিকে বিভক্ত করা যাবে না।’

নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীর সমালোচনা করে দোলন বলেন, ‘যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন। তাদের রুখে দিতে হবে।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করা সময়ের দাবি- এ কথা উল্লেখ করে আরিফুর রহমান দোলন বলেন, ‘সেই বিবেচনায় আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।’

ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম তার প্রতি স্বতন্ত্র প্রার্থী দোলনের সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ‘ফরিদপুর-১ আসনের মানুষ গুণগত পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যেই কাজ করব।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আজকে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের প্রতীক্ষায়। দোলনের এ সিদ্ধান্ত বিশেষ করে ফরিদপুরে নতুন মেরুকরণ সৃষ্টি করবে এবং ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবে।’

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন আরিফুর রহমান দোলন। প্রচার আছে, সেবার নানা কারসাজি ও ভোট কারচুপি করে তার বিজয় ছিনিয়ে নিয়েছিল তৎকালীন সরকারি দল।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিশ্চিত বিজয়ের লক্ষ্য নিয়ে গত ২৯ ডিসেম্বর সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কাছে আরিফুর রহমান দোলনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী ডা. মাফরুহা রহমান। প্রাথমিক যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রে সবকিছু ঠিক থাকলেও জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দুজন ভোটারের বিষয়ে ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়ন বাতিল ঘোষণা করেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তা।

সেদিনই দোলন সংবাদমাধ্যমকে বলেছিলেন, তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত, যার বহিঃপ্রকাশ তার মনোনয়নপত্র বাতিল ঘোষণার ঘটনা।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আরিফুর রহমান দোলন নির্বাচন কমিশনে আপিল করলে শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষিত হয়। আর তাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিতা ফিরে পান তিনি। গত ২০ জানুয়ারি ফরিদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আয়োজিত লটারিতে জাহাজ প্রতীক বরাদ্দ পান তিনি।

নির্বাচনী প্রচারণায় মাঠে নামার পর আরিফুর রহমান দোলনের প্রতি বিপুল জনসমর্থন দেখে আবার ষড়যন্ত্রে নামে স্বাধীনতাবিরোধী পক্ষটি। তারা দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দিতে ঠুনকো অজুহাতে তুলে উচ্চ আদালতে রিট করে। ঋণখেলাপি, দ্বৈত নাগরিত্ব থাকা প্রার্থীদের প্রার্থিতা ফিরিয়ে দিলেও কোনো ধরনের ত্রুটিবিহীন দোলনের প্রার্থিতা ঝুলিয়ে রাখে আদালত। অথচ দিন চারেক পরই ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এই অবস্থায় জাতীয়তাবাদীদের হাত শক্তিশালী করতে বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানালেন দোলন।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত দোলন বর্তমানে দৈনিক ঢাকটাইমস, টাকাটাইমস২৪ ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক। কর্মজীবনে তিনি ‘আমাদের সময়’ পত্রিকার নির্বাহী সম্পাদক, ‘বাংলাদেশ প্রতিদিন’-এর উপসম্পাদক এবং ‘প্রথম আলো’র ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর হিসেবে কাজ করেন।

প্রথম আলোয় প্রকাশিত বাংলা ভাই ও জঙ্গির উত্থান, ফেনী-লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় গাডফাদারদের দৌরাত্ম্য, এমন নানা সাহসী অনুসন্ধানী প্রতিবেদন তখন বিপুল আলোড়ন তুলেছিল। ‘বাংলাদেশ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা উপসম্পাদক হিসেবে তার দায়িত্ব পালনকালে অল্পদিনেই পত্রিকাটি প্রচারসংখ্যায় শীর্ষে উঠে যায়।

আরিফুর রহমান দোলন পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

সমাজসেবা তাদের পারিবারিক ঐতিহ্য। তার প্রপিতামহ কাঞ্চন মুন্সী আলফাডাঙ্গাসহ ফরিদপুরের শিক্ষা প্রসারে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে বিপুল অবদান রাখেন। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তার উত্তরসূরি আরিফুর রহমান দোলন।

সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ফাউন্ডেশনটিকে পরিচিত করে তুলেছেন। তার নেতৃত্বে ফাউন্ডেশনটি শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা, তরুণদের দক্ষতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

ফাউন্ডেশনের ব্যানারে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে আর্থিক ও নৈতিক সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল: ভূমিমন্ত্রী
জননিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা আরও কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা