এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭–এর সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের এক পথসভায় তিনি এ আহ্বান জানান। বিকেল সাড়ে তিনটার দিকে পথসভার মঞ্চে উঠে তিনি নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে বিকেল ৩টা ৩৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।
পথসভায় তারেক রহমান বলেন, তিনি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকেই এই এলাকায় বড় হয়েছেন। তাঁর ও তাঁর ভাইয়ের সন্তানরা এখানেই জন্মগ্রহণ করেছে এবং তাদের বিয়েও এই এলাকায় হয়েছে। এ কারণে এলাকার মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানান তিনি।
তারেক রহমান বলেন, এটি একটি নির্বাচনী পথসভা এবং মানুষের চলাচলের রাস্তা হওয়ায় তিনি বক্তব্য বেশি লম্বা করবেন না।
ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, যাতে মা-বোনেরা যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারেন এবং নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারেন।
তারেক রহমান বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে।
এ ছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার অঙ্গীকার করেন তিনি। বক্তব্যের শেষে তিনি আবারও ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













