ঠাকুরগাঁও জামায়াতের আমির
অর্ধকোটি টাকাসহ আটকের ঘটনা ‘সাজানো নাটক’: জামায়াত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্ধকোটি টাকাসহ আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
বুধবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো উচ্চ নিরাপত্তাবেষ্টিত স্থানে এ ধরনের ঘটনা ‘সাজানো’ হয়েছে বলে তাঁদের সন্দেহ। জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলকে বিতর্কিত করতেই এ অপপ্রয়াস চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, যাতে জনগণ ভোটকেন্দ্রে যেতে না পারে। তাঁর দাবি, সংশ্লিষ্ট আসনে জামায়াতের নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া সারা দেশে দলীয় নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দলের এজেন্টদের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া ও হামলার ঘটনাও ঘটছে। এহসানুল মাহবুব জোবায়ের বলেন, প্রশাসনের একটি অংশ একটি দলের পক্ষে কাজ করছে বলে তাঁদের ধারণা।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় জানানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ৫০ লাখের বেশি টাকাসহ আটক হন। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































