বিজয়ের পর তারেক রহমানকে ফোনে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানানোর পর এবার সরাসরি ফোনালাপের মাধ্যমে অভিনন্দন জানান তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মোদির এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে তাঁর অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তিনি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথাও উল্লেখ করেন তিনি।
মোদি আরও লিখেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অব্যাহত অঙ্গীকার রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, ফোনালাপে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। নির্বাচন-পরবর্তী সময়েই এই শুভেচ্ছা বিনিময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































