সৌদি আরবে আজ থেকে রোজা শুরু

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে শুরু হয়েছে সিয়াম সাধনা। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদি আরব।
চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবের পাশাপাশি একই দিনে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও শুরু হয়েছে রোজা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হওয়ায় সেখানে অবস্থানরত মুসল্লিরা আজ প্রথম দিনের রোজা পালন করছেন।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হয়। সেই হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে চূড়ান্ত ঘোষণা আসবে দেশের আকাশে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
বাংলাদেশে পবিত্র রমজান শুরুর তারিখ নির্ধারণে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাবান মাসের ২৯তম দিনে সূর্যাস্তের পর দেশের বিভিন্ন স্থানে আকাশ পর্যবেক্ষণ করে চাঁদ দেখা গেলে পরদিন থেকে রোজা শুরু হয়। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরবর্তী দিন থেকে রমজান শুরু করা হয়।
ইসলামি চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাসের সূচনা নির্ধারিত হয় হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে। তাই সৌদি আরবে রোজা শুরু হলেও বাংলাদেশে রমজানের প্রথম দিন নির্ভর করছে আজকের চাঁদ দেখার ওপর।
রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, ইবাদত ও তাকওয়া অর্জনের বিশেষ সময়। এই মাসে রোজা, তারাবিহ, কোরআন তেলাওয়াত ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































