জ্যোতির্বিদদের পূর্বাভাস: সৌদি আরবে ঈদুল ফিতর ২০ মার্চ হতে পারে

এ বছর রমজান পুরো ৩০ দিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। এবার ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হবে বলে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। খবর গালফ নিউজের।
সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক জ্যোতির্বিদরা জানিয়েছেন, আকাশ পর্যবেক্ষণ ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি।
এমিরেটস জ্যোতির্বৈজ্ঞানিক সমাজ-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৯ মার্চ সকাল ৫টা ২৩ মিনিটে শাওয়ালের চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ আকাশে অবস্থান করতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঈদুল ফিতরের সূচনা নির্দেশ করবে।
তিনি আরও বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক এই হিসাব অনুযায়ী অধিকাংশ ইসলামি দেশ একই সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তবে চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট দেশের সরকারি চাঁদ দেখা কমিটিই দিয়ে থাকে।
এদিকে ইসলামি শরিয়ত অনুযায়ী ঈদের তারিখ নির্ধারণে সরাসরি চাঁদ দেখার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়। তাই জ্যোতির্বিদদের পূর্বাভাস থাকলেও সরকারি ঘোষণা না আসা পর্যন্ত ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয় না।
প্রতিবছরের মতো এবারও সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি ধর্মীয় বিধান ও পর্যবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্তভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করবে।
(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































