বলিভিয়ায় মুদ্রা বোঝাই সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে টাকা ভর্তি একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, নতুন ছাপানো জাতীয় মুদ্রা বলিভিয়ানো বহনকারী সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান রাজধানীর পার্শ্ববর্তী এল আলতো শহরের বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে পাশের মহাসড়কে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সেটি কয়েকটি যানবাহনের ওপর পড়ে, ফলে সেসব গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানযাত্রী এবং কতজন সড়কে থাকা যানবাহনের যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































