ইরানে হামলার পর ইসরায়েলের আকাশসীমা বন্ধ

ইরানে হামলা চালানোর পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ।
সরকারি নির্দেশে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালককে আকাশসীমা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মিরি রেগেভ। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান–এর কেন্দ্রস্থলে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
হামলার সময় দেশজুড়ে নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রতিরোধমূলক সতর্কতা, যাতে ইসরায়েলের দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কা থাকলে জনগণ দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































