জন্মভূমি মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে তার জন্মভূমি মাশহাদে দাফন করা হবে। খবর এএফপি’র।
দীর্ঘ ৩৬ বছর ইরানের শাসনক্ষমতায় থাকা ৮৬ বছর বয়সী এই নেতাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে সমাহিত করা হবে। এখানেই তার পিতার কবর রয়েছে। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে স্থানটি শিয়া মুসলিমদের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিত।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় খামেনি নিহত হওয়ার পর তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ইরান সরকার। তবে তার জানাজা ও দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। খামেনির জন্মও এই শহরেই। ফলে তাকে জন্মভূমিতে সমাহিত করার সিদ্ধান্তকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এদিকে তার মৃত্যুর পর ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।
দীর্ঘ সময় দেশ পরিচালনায় থাকা খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
(ঢাকাটাইমস/৪ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































