ঈদে ঢাকার টার্মিনাল ও বাজারগুলোতে পুলিশি নজরদারি বাড়বে: নজরুল ইসলাম

আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বিশেষ নজরদারি জোরদারের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম বলেন, ঈদযাত্রার সময় রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি করা হচ্ছে। বিশেষ করে গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদার হচ্ছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈদের ছুটিকালীন সময়ে ঢাকা শহরে বিটভিত্তিক পেট্রোল ডিউটি বাড়াতে হবে, যাতে শহরের প্রতিটি এলাকায় পুলিশের উপস্থিতি ও টহল বাড়ে। এতে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, ঈদের বাজার ও শপিং মলগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ ও নিশ্চিত করতে হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সভায় ডিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












