ইরানে ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তার ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানে চীন ২ লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা প্রদান করবে। শাজারাহ স্কুলে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৩ মার্চ) প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, “মার্কিন-ইসরায়েলি বাহিনীর নির্বিচারে সাধারণ মানুষ ও বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানায় বেইজিং। স্কুলে হামলা এবং বেসামরিক মানুষের ক্ষতি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং মানবতা ও মানব বিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে।”
তিনি আরও জানান, চীনের রেড ক্রস সোসাইটি ইরানে নিহতদের পরিবারকে সহায়তা দিতে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক তহবিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখপাত্র বলেন, “মানবিক চেতনায় চীন প্রয়োজনীয় সহায়তা দিয়ে ইরানের জনগণকে এই সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে।”
মুখপাত্র জিয়াকুন আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তার মতে, “সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং কোনোভাবেই তা লঙ্ঘন করা উচিত নয়। সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে এবং সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে।”
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫০ জন স্কুলছাত্রী নিহত হয়। ওই দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালাচ্ছে।
জানা গেছে, ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে ১,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। সাম্প্রতিক আগ্রাসনে দেশটিতে আরও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
ইরানের প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সংঘাত শুরুর পর থেকে আটজন মার্কিন সেনা নিহত হয়েছে।
এদিকে মার্চের শুরু থেকেই বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এবং বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
(ঢাকাটাইমস/১৪ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












