ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে শনিবার (১৪ মার্চ) ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাস এলাকায় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। হামলার সঙ্গে যুক্ত কারা ছিলেন এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাগদাদের মার্কিন দূতাবাসের বিশেষ নিরাপত্তা বেষ্টনীযুক্ত এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানেছে। দূতাবাস থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, হামলার সময় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটেছে।
এদিকে, হরমুজ প্রণালির কাছে ইরানের অর্থনীতির কেন্দ্র খারগ দ্বীপে হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটি দেশের প্রায় ৯০ শতাংশ তেল রফতানি পরিচালনা করে। একই সঙ্গে ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলও ব্যাপক হামলা চালিয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরান কেন্দ্রের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে জনবহুল বেসামরিক এলাকা এবং সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। মারকাজি প্রদেশের এক গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় কয়েকজন চিকিৎসক নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার সময় কেন্দ্রটিতে জরুরি চিকিৎসা কার্যক্রম চলছিল। এছাড়া নাবাতিয়েহ শহরে একটি বাড়িতে হামলায় শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা।
ইরানও তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এর ফলে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে উঠছে এবং মানুষ দ্রুত বাংকারে আশ্রয় নিচ্ছে। মধ্যাঞ্চলের অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাতে আগুন ধরে এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












