যুক্তরাষ্ট্র এখন হাত পাতছে ভারতের কাছে!

রাশিয়ার তেল ইস্যুতে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দাবি করেছেন, আগে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতকে চাপ দিলেও এখন একই তেল কেনার জন্য ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের দ্বারস্থ হচ্ছে ওয়াশিংটন।
শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে মাসের পর মাস ভারতকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধের পর পরিস্থিতি বদলে গেছে। এখন হোয়াইট হাউজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে রাশিয়ার তেল কেনার অনুরোধ করছে বলে দাবি করেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের জন্য ইউরোপীয় দেশগুলোরও সমালোচনা করেন আরাঘচি। তার ভাষ্য, ইউরোপ ভেবেছিল ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন দিলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে। তবে তিনি এটিকে ‘দুঃখজনক’ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, ভারত রাশিয়ার তেল কিনে যে অর্থ দিচ্ছে তা ইউক্রেন যুদ্ধ চালাতে কাজে লাগাচ্ছেন ভ্লাদিমির পুতিন। এ কারণে রাশিয়ার তেল আমদানি বন্ধে ভারতের ওপর চাপ বাড়ায় ওয়াশিংটন। এমনকি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পদক্ষেপও নেয় যুক্তরাষ্ট্র।
তবে পরে সেই শুল্ক প্রত্যাহার করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, ভারত রাশিয়ার তেল আমদানি কমিয়েছে। যদিও ভারত সরকার শুরু থেকেই বলে আসছে, তাদের জ্বালানি নীতি জাতীয় স্বার্থের ভিত্তিতেই নির্ধারিত হয়।
এরই মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধের ঘোষণা দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়। এর প্রভাব সামাল দিতে রাশিয়ার তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটেই ওয়াশিংটনের নীতির সমালোচনা করে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
(ঢাকাটাইমস/১৪ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












