ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল উপসাগরীয় চার দেশ

ইরানের পাল্টা সামরিক পদক্ষেপে সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দেশগুলোর বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বাজানো হয় এবং কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার খবর পাওয়া গেছে। পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের দিকে ছোড়া ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো ধ্বংস করা হলেও ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন স্থানে পড়ে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একই সময়ে সৌদির পূর্বাঞ্চলের একটি গ্যাস স্থাপনার দিকে আসা একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। সেটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাস লাফান এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রাস লাফান এলাকায় বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। ইরানের হামলার পরপরই এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ১৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। সংঘাত শুরুর পর থেকে এ ধরনের মোট ঘটনার সংখ্যা দাঁড়িয়েছে ৪২১। একই সময়ে ৯৪ বার সতর্ক সংকেত বাজানো হয়েছে।
বাহরাইনেও একাধিকবার সাইরেন বাজানো হয়েছে। দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনার আশপাশের এলাকা খালি করার নির্দেশ দেয়। এসব স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ইরানের ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে বুধবার ইসরায়েলের হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেয়। কাতার এ ধরনের হামলার নিন্দা জানিয়ে বলেছে, জ্বালানি অবকাঠামোতে আঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












