ঈদ উপলক্ষে আফগানিস্তানে পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তানের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার (১৮ মার্চ) থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি পাঁচ দিন স্থায়ী হবে বলে জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বুধবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত আফগানিস্তানে সব ধরনের হামলা বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো হামলা হলে জবাবে আরও কঠোর অভিযান চালানো হবে বলে সতর্ক করেন তিনি।
পাকিস্তানের ঘোষণার পরপরই তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেন।
এর আগে গত সোমবার রাতে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তালেবান সরকারের দাবি, ওই হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। বুধবার নিহতদের স্মরণে কাবুলে গণজানাজা অনুষ্ঠিত হয়।
তবে পাকিস্তান দাবি করেছে, তারা কোনো চিকিৎসা বা পুনর্বাসন কেন্দ্র নয়, বরং ‘সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও সামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামাবাদের ভাষ্য অনুযায়ী, ওই স্থাপনাটি ড্রোন মজুত ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছিল।
অন্যদিকে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি এই হামলাকে ‘কাপুরুষোচিত অপরাধ’ আখ্যা দিয়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে চলমান সংঘাতে এক লাখ ১৫ হাজারের বেশি বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সীমান্ত বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
এদিকে জাতিসংঘ এবং ইইউ স্মরণ করিয়ে দিয়েছে, সংঘাতের সময় বেসামরিক ও চিকিৎসা স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












